সিসিফাসের বিষাদ
—মোবায়দুল সাগর
চোখের হ্রদে হাতড়িয়ে কী যেন খুঁজি,
তার ঠিক নিচে চিলির মানচিত্রের মতো যে দাগ—
তার যে কারণ, সেই কাঁটাতার আবারও দেখি,
জাগিয়ে তুলতে চাই রক্তিম রতিক্রিয়ার মতো রাত।
কঠিন করে কান মলা দিয়ে হৃদয়কে বোঝাই—
আবার কেন ছুটতে চাও স্টেশন হারানো রেলগাড়িতে?
পাথুরে ঝর্ণায় জলছবি এঁকে হয়েছিলে কয়েদি,
তার লোহিত ঠোঁটের ডগায় দেখেছিলে শেষের কবিতা।
চারিদিকে চারপাশে প্রতারক মানুষের সমুদ্র-জোয়ার,
অথচ আমি যেন সাঁতরাচ্ছি বিগ ব্যাংয়ের দিন থেকে।
তার স্পর্শে ধ্বংস হয়ে গেল প্রাচীন মিশরের রূপকথা;
কীভাবে যেন পাশ কাটিয়ে আমি রিলস দেখছিলাম।
তার মায়া-কণ্ঠ আমার ফোনের মস্তিষ্ক ঘিরে রেখেছে।
আমার চোখের হ্রদে সে হয়তো বারবার নৌকা ভেড়াবে;
তার কোমল পায়ের রেখা এ হৃদয়ে তবুও জমে থাক।
আমি হয়তো পালাতে পারব না—রিলস দেখব আরেকটা।
১০-২০-২০২৬
মিরপুর-১, ঢাকা।
একটি মন্তব্য পোস্ট করুন