পেনেলোপির বারান্দায় 

— মোবায়দুল সাগর 


নির্বিকারে উত্তমাশা আমার পাশে দাঁড়িয়ে, 

হাত গলিয়ে বেরিয়ে গেছে স্রোতের ঝাঁক।

কালাহারির মরিচিকায় ফেলে আসা তটরেখা

আমাকে খুঁজে নিয়েছে কেপ বাতিঘরের রাত।


হাঁটতে হাঁটতে পা দুটো যখনই উড়তে চাইছিল,

টেবিল মাউন্টেন তখনই বন্ধন হয়ে দাঁড়িয়েছে।

অবশ হয়ে যাওয়া ভারত মহাসাগরের চোখে

আমাকে খুঁজে নিয়েছে আটলান্টিকের নৌকো।


আমি ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত নাবিকের কাফেলা।

বোবা দুরবীনের মুখে বারবার শুনতে পেয়েছি গান।

মাস্তুলে এসে কত ভিড় করেছে মেঘেদের উৎসব! 

আমাকে খুঁজে নেয়নি গাঙচিলের শুভ্র ডানার দল।



০৬-২১-২০২৬

মিরপুর-১, ঢাকা।










Post a Comment

নবীনতর পূর্বতন